নীরবে কেঁদেছি আমি
তোমাকে ভালোবেসে—
তুমি জানোনি।
তোমাকে বোঝাতে চেয়েছিলাম,
আমার চোখের ভাষায়,
আমার নীরবতায়,
আমার অকারণ অপেক্ষায়—
কিন্তু তুমি বুঝোনি।
আমি ছিলাম খুব সাধারণ,
আর তুমি ছিলে আমার চোখে
অসাধারণ এক মানুষ।
তাই হয়তো তোমাকে ভালোবাসার
সাহসটা ছিল আমার,
কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্যটা ছিল না।
আমি তোমাকে ভালোবেসেছিলাম,
আর তুমি আমাকে
শুধু একজন বন্ধু ভেবেছিলে।
তোমার কাছে যে সম্পর্ক ছিল বন্ধুত্ব,
আমার কাছে সেটাই ছিল
লুকিয়ে রাখা এক পৃথিবীর ভালোবাসা।
কতবার চেয়েছি বলতে—
“তুমি আমার কাছে শুধু বন্ধু নও।”
কতবার ঠোঁট পর্যন্ত এসে
থেমে গেছে কথাগুলো,
শুধু এই ভয়ে—
তোমাকে হারিয়ে ফেলব যদি!
তাই মুখে কিছু বলিনি,
চোখ দুটোই কথা বলেছে।
আর একদিন সেই চোখের জল দেখে
তুমি হয়তো ভেবেছিলে,
আমি অন্য কোনো কষ্টে কাঁদছি।
কীভাবে বোঝাই তোমাকে—
আমি কাঁদিনি তোমার জন্য নয়,
আমি কেঁদেছি
তোমাকে ভালোবেসেও
তোমাকে আমার ভালোবাসাটা
বোঝাতে না পারার জন্য।
তুমি হয়তো কোনোদিন জানবেও না,
তোমার একটি ছোট্ট কথায়
কত রাত আমার নির্ঘুম কেটেছে,
তোমার একটু অবহেলায়
কতবার নিজেকে প্রশ্ন করেছি—
“আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয়?”
তবুও তোমাকে দোষ দিই না।
কারণ ভালোবাসা তো
জোর করে পাওয়া যায় না।
আমি তোমাকে ভালোবেসেছি—
এটাই আমার সত্যি,
তুমি আমাকে ভালোবাসোনি—
এটাও তোমার সত্যি।
শুধু একটা আফসোস থেকে যাবে—
তুমি যদি একবার
আমার চোখের ভেতরটা পড়তে,
তাহলে হয়তো বুঝতে
তোমার একজন বন্ধু
কত গভীরভাবে
তোমাকে ভালোবেসেছিল।
আজও তাই নীরবে কাঁদি,
তোমাকে ফিরে পাওয়ার জন্য নয়—
বরং সেই ভালোবাসাটার জন্য,
যেটা সারাজীবন আমার হৃদয়ে রয়ে যাবে,
কিন্তু কোনোদিন
তোমার হৃদয়ে পৌঁছাবে না।

কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য শেয়ার করুন।