নদীর কিনারে প্রথম প্রেম
হঠাৎ সেদিন ঘর ছেড়ে যাই নদীর কিনারায়,
অচিন এক মায়াবতী দেখলাম তোমায়।
এক পলকেই ভালো লাগা, হৃদয়ে শিহরণ,
মুহূর্তেই সঁপে দিলাম অবুঝ এই মন।
তোমার সেই মুক্তোঝরা মিষ্টি মধুর হাসি,
আজও আমার দু’চোখজুড়ে বাজায় প্রেমের বাঁশি।
একেই কি বলে প্রেম, এরই নাম ভালোবাসা?
তোমায় ঘিরেই বুনে চলি হাজার রঙিন আশা।
সেই যে প্রথম নদীর পাড়ে চোখ পড়ল চোখে,
নতুন প্রেমের ফুল ফুটেছিল আমার হৃদয়লোকে।
দিনের শেষে রাতের ভিড়ে, তুমিই ভাসো মনে,
ভালোবাসার কাব্য লিখি তোমারই স্পন্দনে।
নদীর জলে চাঁদের ছায়া, বাতাসে মিষ্টি সুর,
তোমায় ঘিরে স্বপ্নগুলো ছুঁতে চায় বহুদূর।
তোমার চোখে হারিয়ে গিয়ে খুঁজি সুখের ঠিকানা,
তুমিই আমার মনের মাঝে ভালোবাসার মানে জানা।
যদি কখনো পাশাপাশি হাঁটি নদীর তীরে,
হাতটি রেখো আমার হাতে ভালোবাসার নীড়ে।
প্রথম দেখা, প্রথম ভালো লাগা—হৃদয়ে আঁকা ছবি,
তোমায় নিয়েই লিখে যাব ভালোবাসার কবি।
— সমাপ্ত —
কিছু দেখা ক্ষণিকের, অথচ তার রেশ থেকে যায় সারাজীবন। নদীর পাড়ে এক পলকের সেই দেখা কখন যে হৃদয়ে ভালোবাসার জন্ম দিয়েছিল, তা আজও এক মধুর রহস্য।

কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য শেয়ার করুন।