বড় বোনের ত্যাগ
একজন বড় বোনের হারিয়ে যাওয়া শৈশব, অপূর্ণ স্বপ্ন আর নীরব আত্মত্যাগের গল্প।
সবার বড় সে, সবার আগে,
নিজের স্বপ্ন বিসর্জন দেয় অনুরাগে।
সকাল থেকে রাত অবধি রান্নাবাটি,
সংসারের বোঝা টানাই তার দিনরাতি।
ভাই-বোনের মুখে হাসি ফোটানোর তরে,
নিজের সুখ বিসর্জন দেয় নীরবে-নিভৃতে।
নিজের কথা ভাবার সময় কোথায় তার?
সবার সুখেই খুঁজে নেয় সুখের সংসার।
সাজবে সে একদিন, স্বপ্ন ছিল মনে,
সেই স্বপ্ন হারিয়ে গেল অভাবের জীবনে।
গহনার শখ রয়ে গেল মনেরই ঘরে,
নতুন শাড়ির স্বপ্নও মিশে গেল অশ্রুধারে।
বই-খাতা একদিন ছিল তারও সঙ্গী,
অভাব এসে কেড়ে নিল সেই স্বপ্নরঙিন ছবি।
স্কুলের পথে যাওয়া হলো না আর,
সংসারের দায়ে থেমে গেল পড়াশোনার দ্বার।
লেখাপড়া হলো না অর্থের অভাবে,
অকালেই বয়স বাড়ল দায়িত্বের চাপে।
যে বয়সে স্বপ্নেরা ডানা মেলে আকাশে,
সে বয়সে সংসারের বোঝা বইল নিঃশ্বাসে।
বয়স যে বাড়ল, কে রেখেছে তার খোঁজ?
নিজের ভবিষ্যৎ ভেবে কেঁদেছে কত রোজ।
একদিন বিয়ের পিঁড়িতে বসতে হলো তার,
নতুন জীবনে সুখের স্বপ্ন ছিল অপার।
কিন্তু ভাগ্যের লিখন বদলাল না আর,
বাবার ঘরের অভাব সঙ্গী হলো তার।
বাপের বাড়িতে ছিল না সুখের ঠিকানা,
স্বামীর ঘরেও হলো না দুঃখের অবসান।
বাবার সংসারে ছিল অভাবের টান,
স্বামীর সংসারেও একই বিষাদের গান।
না পেল বাপের বাড়ি আপন করে সুখ,
না পেল স্বামীর ঘরে শান্তির একটু মুখ।
যে মেয়েটি সবার সুখের কারণ ছিল,
তার নিজের সুখের খবর কেউ কি নিয়েছিল?
যে হাত দিয়ে সবার স্বপ্ন সাজিয়েছে,
সেই হাতের স্বপ্নগুলো কে আর খুঁজেছে?
নিজেকে বিলিয়ে দিয়ে আজ সে ক্লান্ত,
বুকের ভেতর জমে আছে কত না অভিমান।
সবাই পেয়েছে তার ত্যাগের আলোয় সুখের রেশ,
শুধু তার নিজের জীবনেই রয়ে গেছে অশ্রুর শেষ।
হে সমাজ, একবার বড় বোনের চোখে তাকাও,
তার নীরব কান্নার ভাষাটুকু বুঝতে চাও।
সে শুধু সংসারের দায়িত্ব নেওয়ার মানুষ নয়,
তারও একটা মন আছে, তারও স্বপ্নময় হৃদয়।
বড় বোন মানেই ত্যাগের আরেক নাম নয়,
তারও একটু ভালোবাসা, সম্মান ও সুখের প্রয়োজন হয়।

কোন মন্তব্য নেই
আপনার মন্তব্য শেয়ার করুন।